পা ভেঙে দিয়ে আটকানো যাবে না, এক পায়ে এমন খেলা খেলব, বুঝতে পারবে, মমতা
দি নিউজ লায়নঃ স্বরাষ্ট্রমন্ত্রী দেশ সামলায় না হামলা করার চক্রান্ত করবেন। কাল ওনার সভায় লোক হয়নি। হবে কি করে? এত যারা চক্রান্ত করে তাদের সভায় লোক হয়? মা ভাই, বোনেদের বিরুদ্ধে যারা চক্রান্ত করে তাদের সভায় লোক যাবে কেন? গতকাল ঝাড়গ্রাম ও খাতড়ায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর জোড়া সভা প্রসঙ্গে এভাবেই আজ কটাক্ষ করলেন তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ বাঁকুড়ার ছাতনা বিধানসভার কমলপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন, বিজেপি নেতাদের কাজ নেই কর্ম নেই, হরিয়ানার সিঙ্ঘুতে যে কৃষকরা ৬ মাস ধরে বসে আছে তাদের ডেকে কথা বলেনা আর বাংলায় সবকটা বসে আছে। সব হোটেল বুক করে বসে আছে।
সারাক্ষণ শুধু বসে বসে একে মারো, ওকে ধরো, ওর বাড়িতে ইনকাম ট্যাক্স রেড করাও, ওর বাড়িতে সিবিআই পাঠাও এসব চক্রান্ত করে চলছে। এখন নির্বাচন চলছে। এখন এসব হওয়া উচিৎ নয়। এমনকি গতকাল হোম সেক্রেটারিকেও সিবিআই নোটিশ পাঠিয়েছে। ওরা ভাবছে এই ভাবে আমাদের মুখ বন্ধ করে দেবে। আমি যতক্ষণ বেঁচে থাকব আমার কন্ঠ চলবে। তোমরা আমাকে স্তব্ধ করতে পারবে না। ভারতবর্ষে যদি একজনও প্রতিবাদ করার লোক না থাকে আমি থাকব।
এদিনের সভা থেকে বিজেপি কে হুশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যতই তোমরা হামলা কর, হামলা আমরা সামলে নেব। আগে দিল্লী সামলা তারপর দেখবি বাংলা। বাংলা বহিরাগত গুন্ডাদের হাতে গেলে মা বোন থেকে শুরু করে কারো নিরাপত্তা থাকবে না।
এদিন শুধু বিজেপি কেই নয় নির্বাচন কমিশনকেও একহাত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সম্মান জানিয়েই বলছি, স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচন কমিশনেও নাক গলাচ্ছে। এবং আমার সন্দেহ আছে তিনিই সবটা চালাচ্ছেন কিনা। ২৭ তারিখ জঙ্গলমহলের মানুষ ভোট দিয়ে ভালো করে বিজেপির কান মলে দিয়ে বলবেন, লোকসভায় তোমাদের ভোট দিয়েছিল, তোমরা আমাদের ঠকিয়েছ। তাই বিজেপি আর না আর না।
এদিনের কমলপুরের সভা থেকে ছাতনা বিধানসভা কেন্দ্রের দলের প্রার্থী শুভাশিস বটব্যালকে জয়ী করার আবেদন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। একই ভাবে এদিন হুইল চেয়ারে চড়ে মমতা বন্দ্যোপাধ্যায় শালতোড়া বিধানসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী সন্তোষ মন্ডলের সমর্থনে মেজিয়াতে ও রাইপুর কেন্দ্রের প্রার্থী মৃত্যুঞ্জয় মুর্মুর সমর্থনে রাইপুরে একটি জনসভা করেন।

Post a Comment